রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ি সাক্ষাত্ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, বিদায়ি সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে তার সময়ে গৃহীত পদক্ষেপসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপ্রধান হামিদ সেনাবাহিনীর আধুনিকায়নে বিদায়ি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডর প্রশংসা করেন এবং সফলভাবে দায়িত্ব পালন করায় তাকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।