ব্রিসবেনে নির্মাণ হচ্ছে শহিদ মিনার

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের ইনিদুরপিল্লি স্টেট হাইস্কুলে সম্প্রতি মাতৃভাষা দিবস উদ্যাপনের একটি মাল্টিকালচারাল উত্সব অনুষ্ঠিত হয়েছে। দেশটির কুইন্সল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ব্রিসবেন বাংলা স্কুল ও কুইন্সল্যান্ড এথনিক স্কুল অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। সম্প্রতি দিনভর এই অনুষ্ঠানে বাংলা, জার্মান, চাইনিজ, কোরিয়ানসহ ১২টি ভাষাভাষীর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কুইন্সল্যান্ড এথনিক স্কুল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাফিউল আলম বলেন, তিনি আশা করছেন আগামী বছর ২১ শে ফেব্রুয়ারির আগেই শহিদ মিনারটির নির্মাণকাজ শেষ হবে। শহিদ মিনার স্থাপনে সহযোগিতা করেছেন কুইন্সল্যান্ড এথনিক স্কুলস অ্যাসোসিয়েশনের সভাপতি আইরিন বাইলডন, ব্রিসবেন বাংলা স্কুলের মোহাম্মদ আলাউদ্দিন, আহমেদ রহমান সনতু, মাকসুদুর রহমান, সায়ীদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুইন্সল্যান্ড সরকারের মাল্টিকালচারাল এফেয়ার্স মন্ত্রীর প্রতিনিধি মিস জন্টি বুশ এমপি ও এসিস্টেন্ট ট্রেজারি মন্ত্রী মিসেস চ্যারিস মালেন এমপি, ফেডারেল এমপি মি মিল্টন ডিক, স্টেট এমপি ড. এমি মাকমাহন, বাংলাদেশের কনস্যুলেট জনারেল খোন্দকার মাসুদুল আলম এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল রেডিও ও ব্রিসবেন ইন্ডিয়ান টাইমসের মালিক মি উমেশ চান্দ্রা। দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। —প্রেস বিজ্ঞপ্তি