বখে যাওয়া যুবকদের গাড়ির রেস

গুলশানে আরো ৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ

রাজধানীর গুলশান এলাকায় বখে যাওয়া যুবকদের গাড়ির রেসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তারা আরো ৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (জনসংযোগ ও গণমাধ্যম) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গুলশানের বিভিন্ন এলাকায় বখে যাওয়া কিছু যুবক দিনে-রাতে বিভিন্ন সময়ে উচ্চগতি এবং বিকট শব্দে হর্ন বাজিয়ে গাড়ি চালিয়ে ঐ এলাকার জনজীবন অতিষ্ঠ করে তুলছিল। এমন পরিস্থিতিতে একজন নাগরিক বিষয়টি বাংলাদেশ পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখা পরিচালিত ফেসবুক পেইজের ইনবক্সে জানান। বিষয়টি ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে জানিয়ে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার প্রাথমিক পর্যায়ে ডিসি গুলশান ও গুলশান ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে উচ্চগতি ও বিকট শব্দে হর্ন বাজিয়ে গাড়ি চালানোর অভিযোগে পাঁচটি গাড়িকে চালক ও আরোহীসহ আটক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া সোমবার রাতে আবারও গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগের বিশেষ যৌথ অভিযানে নতুন করে আরো ৯টি গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত প্রতিটি গাড়ি এবং সেগুলোর চালকের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম পুরোপুরি না থামা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।