বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ইউনিটে ‘নকল’ মাস্ক সরবরাহের মামলায় সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, গত ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোর্শেদ হোসেন খান আদালতে প্রতিবেদনটি দাখিল করলেও বিচারকের কাছে সম্প্রতি তা উপস্থাপন করা হয়েছে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, তদন্তে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অপরাধের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। গত বছর ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার শারমিনের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়। ঐ মামলায় পরদিন রাতেই তাকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর পরদিন আদালতে হাজির করা হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, করোনা ভাইরাস মহামারি দেখা দেওয়ার পর গত বছরের ২৭ জুন অপরাজিতা ইন্টারন্যাশনাল বিএসএমএমইউকে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়। এর বিপরীতে প্রতিষ্ঠানটি প্রথম দফায় ১ হাজার ৩০০, পরে তিন দফায় আরো ২ হাজার ১৬০ পিস মাস্ক সরবরাহ করে। কিন্তু এগুলো নিম্নমানের ছিল বলে অভিযোগ ওঠে। এজাহারে বলা হয়, কোনো কোনো মাস্কের বন্ধনী ছিঁড়ে গেছে, কোনো মাস্কের ছাপানো ইংরেজিতে লেখা ছিল ত্রুটিপূর্ণ।