গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত পিকআপ ট্রাক ও একজনকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৩ জুন) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কেরানীহাট নেজাম উদ্দিনের পেট্রোল পাম্পের সামনের রাস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. শামীম (২১)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার বরশাল বাজার ইউনিয়নের ৪ নং ওয়াডের বালিকাড়া এলাকার আব্দু সরু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি পিকআাপ চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সুব্রত দাশ ফোর্স নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকায় অবস্থান নেন। পরে পিকআপটি সেখানে আসলে সিগন্যাল দেয় পুলিশ। ট্রাক থেকে ইয়াবা পাচারকারী মো. শামীমকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনু্যায়ী গাড়ির বডি কেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় পিকআপটি।
সাতকানিয়া থানার ওসি( তদন্ত) কুমার দে বলেন, এ ঘটনায় আজ বুধবার (২৩ জুন) গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে যথাযথ নিয়মে আদালতে সোপর্দ করা হবে।
ইত্তেফাক/জেডএইচডি