‘দেশের অনেকে সিরিজটি চালাতে সাহস করতো না’

 বিনোদন প্রতিবেদক

 

‘একটি নাটক, ওয়েব সিরিজ বা সিনেমা কোনো বার্তা দিতে অথবা বিনোদিত করতে নির্মাণ করা হয়। যদি কেউ শুধু বিনোদিত করতে চায় এবং তার দর্শক থাকে তাহলে নানা ধরনের কাজ হবেই। তাছাড়া একটি নতুন মাধ্যম যাত্রা শুরু করলে একটু সময় লাগবেই মানের জায়গায় যেতে। তবে দিনশেষে মানসম্পন্ন কাজটিই টিকে থাকবে। সাময়িক আনন্দ দেওয়া কন্টেন্ট ঠিক হারিয়ে যাবে।’—উন্মুক্ত মাধ্যমের নির্মাণ সমালোচনা প্রসঙ্গে কথাগুলো বললেন নির্মাতা আশফাক নিপুন। নতুন ওটিটিকে নির্মাতা-শিল্পী থেকে শুরু করে শোবিজ সংশ্লিষ্টরা বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। নিজেদের চিন্তাধারার বহিঃপ্রকাশের সুযোগও তৈরি হয়েছে এই মাধ্যমে। ফলে অনেকেই ওটিটির কাজের প্রতি আগ্রহী হচ্ছেন। সম্প্রতি আশফাক নিপুনও নির্মাণ করেছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’। সিরিজটি আগামীকাল ওটিটি প্লাটফর্ম হৈচৈ-এ মুক্তি পাচ্ছে। সিরিজটিতে মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মওলা,  খায়রুল বাসার, লুত্ফর রহমান জর্জ প্রমুখ। নিজের প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এবং মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’। ঢাকা মহানগরের একটি গল্প বলার চিন্তা থেকেই এই কাজটি করা। এই নগরে বিভিন্ন স্তরের মানুষ একজন আরেকজনকে ছাড়িয়ে যায়। এই ছাড়িয়ে তাদের সঙ্গে কোন ধরনের ঘটনা ঘটে সেই চিত্রই আসলে সিরিজটিতে তুলে ধরা হয়েছে।’ দেশেও ওটিটির যাত্রা শুরু হয়েছে। তবে এখনো আমাদের প্লাটফর্মগুলো অবস্থান তৈরি করতে পারেনি। এ জন্য অনেকে মানহীন কাজ ও দর্শকদের দায়ী করছেন। এই অবস্থায় বাইরের প্লাটফর্ম হৈচৈ-এ নিজের ওয়েব সিরিজটি মুক্তি দেওয়া কারণ ব্যবসায়িক কি-না! এমন প্রশ্নে আশফাক নিপুন বলেন, ‘এখানে মুক্তি দিলে দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু হৈচৈ-এ মুক্তি দিলে শুধু বাংলাদেশ-ভারত না, পুরো বিশ্বের দর্শকরা কাজটি দেখতে পারবেন। অন্যদিকে আমার এই সিরিজটি অনেকটাই বাস্তবতার নিরিখে নির্মাণ করা। ফলে দেশের অনেকে সিরিজটি চালাতে সাহস করতো না।’