কাজে ফিরছেন প্রাচী

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী ও নাট্যনির্দেশক রোকেয়া প্রাচী করোনা শুরু হওয়ার পর থেকে দীর্ঘদিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন। দীর্ঘদিন পর তার বড় মেয়ে রিমঝিম দেশের বাইরে থেকে এসেছেন। বর্তমানে তিনি দেশে থেকেই অনলাইনে ক্লাস করছেন। বড় মেয়ে, ছোট মেয়ে আস্থা এবং মা মাকসুদা বেগমের সঙ্গে রাজধানীর পল্লবীতে নিজ বাসাতেই সময় কাটছে রোকেয়া প্রাচীর। তিনি জানান, আগামী ঈদের পর তিনি নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের মধ্য দিয়ে কাজে ফিরবেন। তাতে অভিনয়ও করবেন তিনি। রোকেয়া প্রাচী বলেন, ‘দীর্ঘ এই করোনাকালে সত্যি বলতে কি আমি পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছি। আমার মাকে বিশেষভাবে সময় দিয়েছি। বড় মেয়ে দেশে এসেছে। তাকে নিয়ে ছোট মেয়ের সঙ্গে সময় কেটেছে বেশ ভালোলাগার মধ্যে। এখনো পরিবারের সঙ্গেই আনন্দে কাটছে সময়। সত্যি বলতে কি নিজেকে সময় দিলাম দীর্ঘদিন পর এতটা। সেটা একটা ভালোলাগার বিষয়। আবার মাঝে শুধু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমার প্রযোজনা সংস্থা থেকে চারটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। যার মধ্যে আমি ‘যুদ্ধ এবং বীরাঙ্গনা’ নির্মাণ করেছি এবং এতে অভিনয়ও করেছি। তবে আগামী ঈদের পর নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করব এবং তাতে অভিনয়ও করব। তা নিয়েই আপাতত ব্যস্ত আছি। আরেকটি বিশেষ কথা বলতেই হয়, শ্রদ্ধেয় মোরশেদুল ইসলামের কারণে এবং পরবর্তীকালে চ্যানেল আই, চ্যানেল আইয়ের শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর ভাইয়ের কারণে আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি।’ রোকেয়া প্রাচী প্রথম বিটিভির ‘জয় পরাজয়’ নাটকে অভিনয় করেন। পরবর্তীকালে মোরশেদুল ইসলামের ‘দুখাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। প্রাচী জানান, ‘অন্তর্যাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ‘কারা ফিল্ম ফ্যাস্টিভ্যালে বিপাশা বাসু, কংকনা সেন ও ফিলিপাইনের একজন অভিনেত্রীর সঙ্গে প্রতিযোগিতা করে   অভিনেত্রী হিসেবে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেন। রোকেয়া প্রাচী সর্বশেষ অনিমেষ আইচের নির্দেশনায় ‘বোকা ভূত’ নাটকে অভিনয় করেন, যা দূরন্ত টিভিতে প্রচার হয়।