দক্ষিণী রাশমিকা এবার বলিউডে

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

রাশমিকা মান্দানা। এই মুহূর্তে দক্ষিণী সিনেমার অঙ্গনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অল্পবয়সী সুপারস্টার অভিনেত্রী ভাবা হয় তাকে। অতি অল্প সময়ের মধ্যে দক্ষিণী কোনো অভিনেত্রী এতটা এগোতে পারেননি। মাত্র ২৫ বছর বয়সেই রাশমিকা দক্ষিণী সিনেমার শীর্ষ তারকা অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। ২০১৬ সালে রূপালি পর্দায় অভিষেকের পর গত ৫ বছরে তার এক ডজন ছবি মুক্তি পেয়েছে। প্রায় প্রতিটি ছবিতেই দর্শকদের আলোড়িত করেছেন চমত্কার সহজ, সাবলীল অনবদ্য অভিনয়ের পাশাপাশি আকর্ষণীয় পর্দায় উপস্থিতির মাধ্যমে। রূপালি পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের বিশেষ যোগ্যতা রাশমিকাকে খুব সহজেই ‘ন্যাশনাল ক্রাশ’-এ পরিণত করেছে। অভিনীত ছবিগুলোর বিরাট সাফল্য তাকে দ্রুত এগিয়ে যেতে বড় ধরনের ভূমিকা রেখেছে। ভারতের কর্ণাটকের মেয়ে রাশমিকা  শিক্ষাজীবনেই মডেলিং জগতে পা রেখে অনেকের নজর কেড়েছিলেন। ২০১২ সালে মডেলিং শুরু করে জয় করে নিয়েছিলেন সবার মন। দু’বছরের মধ্যে সিনেমায় নায়িকা হওয়ার ডাক পেয়েছিলেন। কন্নড় ভাষার ছবি ‘কিরিকপার্টি’তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক। যখন তিনি ছবিটিতে কাজ করেন তখন বয়স ছিল মাত্র ১৯ বছর। ছবিটিতে তার অভিনীত চরিত্রটি ছিল অকালপক্ক এক তরুণীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিরিক পার্টি’ ছবিতে মাত্র ১৯ বছর বয়সে আমি অভিনয় করেছিলাম। আসলে বাস্তব জীবনেও আমি ঐ ছবির নায়িকা সানাভির মতোই বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওরড ছিলাম। সবকিছুই বেশি বুঝতে পারার সক্ষমতার কারণে অভিনীত চরিত্রটি রূপায়ন তেমন কঠিন মনে হয়নি আমার কাছে।’ রাশমিকা অভিনীত উল্লেখযোগ্য দক্ষিণী ছবিগুলোর মধ্যে রয়েছে— ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘চালো’, ‘পোগারু’, ‘কিরিক পার্টি’, ‘চমক’, ‘আনজানি পুত্রা’, ‘ইয়াজামানা’, ‘সারিলেরু নিকাব্বারু’, ‘সুলতান’ প্রভৃতি। এ বছর করোনা মহামারির মধ্যেও ‘পোগরু’ এবং ‘সুলতান’ ছবি দুটি মুক্তি পেয়ে বেশ ভালো সাড়া তুলেছে। রাশমিকার আরেকটি মুক্তিপ্রতীক্ষিত তেলেগু অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘পুষ্পা’ নিয়েও দর্শকদের মধ্যে চাঞ্চল্য আর কৌতূহলের শেষ নেই। এ ছবিতে তাকে দক্ষিণী সুপারস্টার অভিনেতা আল্লু অর্জনের বিপরীতে দেখা যাবে। দক্ষিণী চিত্রলোক থেকে জনপ্রিয় অভিনেত্রীদের অনেকেই বলিউডের হিন্দি সিনেমায় এসেছেন এর আগে। রাশমিকার মতো ‘ন্যাশনাল ক্রাশ’ তারকা অভিনেত্রীকে বলিউডে দেখার অপেক্ষায় ছিলেন অগণিত দর্শক। বেশ কিছুদিন থেকেই তার বলিউডের ছবিতে কাজ করার জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। রাশমিকা মান্দানার অগণিত অনুরাগী দর্শকের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে অবেশেষে। তাকে আগামিতে দেখা যাবে বলিউডি ছবি ‘মিশন মজন’-এ। এ ছবির মাধ্যমে বলিউডে রাশমিকার অভিষেক হবে। এসপিওনাজ থ্রিলার ধাঁচের ছবিটিতে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। ইতিমধ্যে ছবিটির বেশকিছু অংশের শুটিং হয়েছে। রাশমিকা এর মধ্যে আরেকটি নতুন হিন্দি ছবি ‘গুডবাই’র কাজ শুরু করেছেন। যেখানে তার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চনের মতো মেগাস্টার। বলিউডে দুটি নতুন সিনেমায় কাজ করতেই রাশমিকা এখানে তৃতীয় আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বলিউডে করোনার দ্বিতীয় ঢেউ না থাকলে রাশমিকার আরও ব্যস্ততা শুরু হয়ে যেত। বলিউডের বেশকিছু বড় ব্যানার রাশমিকার জনপ্রিয়তাকে কাজে লাগাতে তত্পর হয়েছেন। বলিউডের সিনেমায় নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েই আসছেন দক্ষিণী এই সেনসেশন। তিনি বলেন, ‘আমি দক্ষিণী সিনেমায় গত ৫ বছরে যা কিছু অর্জন করেছি, শিখেছি, নিজেকে গড়েছি তার সবটুকু এখন কাজে লাগাতে চাই।  বলিউডের অন্যান্য নায়িকাদের সঙ্গে পাল্লা দিতে কিংবা তাদের ঘুম হারাম করতে নয়, আমি আমার মতো লক্ষ্য অর্জনে কাজ করে যেতে চাই। হিন্দি ছবির দর্শক আমার তামিল তেলেগু কন্নড় ছবিগুলো দেখে যেখানে আমাকে আপন করে নিয়েছেন এবার তাদের আরো কাছাকাছি পৌঁছে যেতে চাই।’