তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতের ভ্যারিয়েন্ট নিয়ে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে প্রবল ঝুঁকিতে। তাই মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্দরে কোভিড-১৯-এর আরটিপিসিআর টেস্ট শুরু করা হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, সরকারিভাবে বন্দর বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই। তাই স্বাস্থ্যবিধি মেনে বন্দর পরিচালনা করা হবে। আর বন্দরে করোনা টেস্ট শুরু করা হয়েছে। প্রতিদিন বন্দরের কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী, চালক ও হেলপারদের করোনা টেস্ট করা হবে। আর কঠোর স্বাস্থ্যবিধি বেঁধে দেওয়া হয়েছে। তবে সরকারের কোনো নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, স্থলবন্দরে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, বাংলাবান্ধা স্থলবন্দর ঝুঁকিপূর্ণ বিবেচনায় আরটিপিসিআর টেস্ট শুরু করা হয়েছে।