কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় লকডাউনের দ্বিতীয় দিন বুধবার ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিন সরকারঘোষিত বিভিন্ন নির্দেশনা না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার কারণে উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান। এ সময় তিনি ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
এর সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। যার জন্য সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। এই সময়ে অনেক ব্যবসায়ী সরকারের নির্দেশনা মানছেন না। যেসব ব্যবসাপ্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।