ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যায় ৩ কোটির উদ্বেগজনক মাইলফলক পার করেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৫০ হাজার ৮৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। —এনডিটিভি

আগের দিনের চেয়ে ১৯ শতাংশ বেশি রোগী শনাক্ত হওয়ার পর ভারতে সরকারি হিসাবে মোট রোগীর সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে। ৩ কোটি ৩৫ লাখ ৬৪ হাজারেরও বেশি শনাক্ত রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র শীর্ষে আছে আর দ্বিতীয় স্থানে আছে ভারত। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজারের কিছু বেশি। 

একই দিন ভারতে আরো ১ হাজার ৩৫৮ রোগীর মৃত্যু হয়েছে, এদের নিয়ে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। দেশটি কোভিড-১৯-এ মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে। ২১ জুন দেশটিতে ৮৮ লাখেরও বেশি লোককে করোনা ভাইরাস টিকা দেওয়া হয়েছিল যাকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলছে সেখানকার গণমাধ্যম; কিন্তু মঙ্গলবার টিকা পাওয়া লোকের সংখ্যা ৫৩ লাখ ৪০ হাজারে নেমে আসে।

ভারতে প্রথম পাওয়া অতি সংক্রামক ডেলটা ধরনের নতুন মিউট্যান্ট সংস্করণ ডেলটা প্লাস নতুন ‘উদ্বেগের কারণ’ হয়ে দাঁড়াচ্ছে বলে দেশটির সরকার সতর্ক করেছে।

মহারাষ্ট্র, কেরালা ও মধ্যপ্রদেশে ডেলটা প্লাসে আক্রান্ত ২২ জন রোগী পাওয়া গেছে। ঝাড়খন্ডে বিস্তার লাভ করা করোনা ভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা, আলফা ও কাপ্পার কারণে উদ্বিগ্ন হয়ে আছে রাজ্যটির সরকার।