বিবিসি
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রথম বার অ্যাস্ট্রাজেনেকার ডোজ নেওয়ার পর দ্বিতীয় শটে মডার্নার টিকা নিয়েছেন বলে দেশটির সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন। ৬৬ বছর বয়সি মার্কেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার একটি ডোজ নিয়েছিলেন আর কয়েক দিন আগে ফের টিকা নিলেন।
করোনা ভাইরাস টিকার মিশ্রিত ডোজ নেওয়া ভালো ধারণা হতে পারে তবে তা নিশ্চিতভাবে বলার মতো সময় এখনো হয়নি বলে ধারণা বিশেষজ্ঞদের। রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসার পর ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে জার্মানিও মার্চে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ বন্ধ করে দিয়েছিল। এর আগে জার্মানি ৬০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে এই টিকার প্রয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল; কিন্তু পরে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পূর্ণবয়স্ক সবার জন্য টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়। এপ্রিলে মার্কেলের মুখপাত্র তার টিকা পাওয়ার সার্টিফিকেটের একটি ছবি টুইট করে তিনি ইনঞ্জেকশনটি নিয়েছেন বলে নিশ্চিত করেছিলেন। জার্মানির টিকাদান কমর্সূচি ধীরগতিতে শুরু হওয়ার পর সম্প্রতি এতে গতি সঞ্চার হয়েছে। এখন দেশটির অর্ধেকের বেশি লোক একটি টিকার প্রথম ডোজ নিয়েছেন।
দুই ডোজে পৃথক টিকা গ্রহণ করার বিষয়ে এ পর্যন্ত বেশ কিছু গবেষণা হয়েছে। যুক্তরাজ্যে এ ধরনের একটি গবেষণায় দেখা যায়, প্রথমে অ্যাস্ট্রাজেনেকার ডোজ নেওয়ার পর ফাইজারের টিকা নেওয়া পূর্ণবয়স্ক ব্যক্তিরা মৃদু থেকে মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। কিছু দেশ সরবরাহের ঘাটতির মধ্যে ও সুরক্ষার উন্নতি ঘটাতে দুই ডোজে পৃথক টিকা ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।