২৩ ঘণ্টা পর ভেসে উঠল লাশ

নর্দমায় যুবক নিখোঁজ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বাসাবোর নর্দমায় নিখোঁজ যুবক আবুল হোসেনের সন্ধান মিলেছে। নিখোঁজের ২৩ ঘণ্টা পর গতকাল বুধবার সকাল ৯টায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার লাশ ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, আবুল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দক্ষিণ নানখি গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। ভবঘুরে ও মাদকাসক্ত হওয়ায় আবুল হোসেন খিলগাঁও ফ্লাইওভারের নিচে থেকে বিভিন্ন জায়গায় বোতল কুড়িয়ে বেড়াতেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তর বাসাবোর ঝিলপাড় মসজিদের পাশে বোতল কুড়াতে গিয়ে নর্দমার পানিতে পড়ে তলিয়ে যান আবুল হোসেন।

ময়লার স্তূপ ও পানির তীব্র স্রোতের কারণে ঘটনার  দিন প্রায় ৯ ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল সকালে ঘটনাস্থল থেকে খিলগাঁও ফায়ার স্টেশনের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার বলেন, ফায়ার সার্ভিস তাদের কাছে লাশ হস্তান্তরের পরে মৃতের ভাই খোকন মিয়া লাশের পরিচয় শনাক্ত করেন।