অলরাউন্ডার কাপালি জেতালেন প্রাইম ব্যাংককে

স্পোর্টস রিপোর্টার

বয়স ৩৭ পার হয়েছে। ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা অলক কাপালি এখনো দুর্বার ২২ গজে। গতকাল তার অলরাউন্ড নৈপুণ্যেই মিরপুর স্টেডিয়ামে সুপার লিগের লো স্কোরিং ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।

বোলিংয়ে ৩ উইকেট ও ব্যাটিংয়ে ১৫ বলে অপরাজিত ২১ রান করে দলের জয়ের নায়ক কাপালি। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল দলটির। অভিজ্ঞ কাপালির ছক্কা-চারে ১ বল আগেই রুদ্ধশ্বাস জয় পায় প্রাইম ব্যাংক।

গাজীর ৯ উইকেটে ১২৫ রানের জবাবে এক পর্যায়ে ১১৫ রানে ৮ উইকেট হারায় দলটি। তখনই ত্রাতার ভূমিকায় ধরা দেন আট নম্বরে নামা কাপালি। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরাও তিনি। ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলে জয় পায় প্রাইম ব্যাংক। রকিবুল ২০, নাহিদুল ৩৯, নাঈম হাসান ১৬ রান করেন। গাজীর পক্ষে মেহেদী হাসান ৩৩, আরিফুল হক ৩১, আকবর আলী ২৪ রান করেন।

এর আগে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান তুলেছিল মোহামেডান। পারভেজ ইমন ৪৬, শামসুর ৪৯ রান করেন। শেখ জামালের এবাদত হোসেন ১৭ রানে ৩ উইকেট নেন। পরে ১৯ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান তুলে জয় পায় শেখ জামাল। আশরাফুল ৩৮, ইমরুল ২৫, সোহান অপরাজিত ৩৬, তানবির হায়দার অপরাজিত ৩২ রান করেন। এবাদত ম্যাচ সেরার পুরস্কার পান।