ইউনিয়ন ইনসিওরেন্সের আইপিও অনুমোদন

ইত্তেফাক রিপোর্ট

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইউনিয়ন ইনসিওরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। গতকাল বুধবার বিএসইসির ৭৭৯তম সভায় এ  অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ইউনিয়ন ইনসিওরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরীক্ষিত আর্থিক বিবরণী ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ দশমিক ০২ টাকা (সম্পদ পুনর্মূল্যায়নসহ) এবং শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) শূন্য দশমিক ৯৩ টাকা। আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।