এনআইডি স্বরাষ্ট্রে গেলে অসুবিধা হবে :সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলে অসুবিধা হবে বলে সাফ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, কমিশন চায় এনআইডি আমাদের কাছে থাকুক। এনআইডি সেবা চলে গেলে নির্বাচন কমিশনের কার্যক্রমে অসুবিধা হবে। তিনি বলেন, সচিব পর্যায়ে আলোচনায় আমরা আমাদের সুবিধা-অসুবিধাগুলো জানাব। এরপর সরকার যে সিদ্ধান্ত নেয় নেবে। গতকাল বুধবার আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

এনআইডি সেবা হস্তান্তরের প্রজ্ঞাপন হলেও আলোচনার সুযোগ থাকছে কি না এ বিষয়ে সিইসি বলেন, ‘থাকছে। এটা অনেক বড় প্রতিষ্ঠান। এনআইডি সেবা শুধু টেবিল-চেয়ার নয় যে উঠিয়ে নিয়ে গেলাম। কীভাবে নেবে, এ বিষয়ে অবশ্যই আলোচনা হবে। নির্বাচন কমিশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়েছিল তার উত্তরে তারা কী বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তারা শুধু বলেছেন যে আগের সিদ্ধান্তেই আছেন। আমাদের সঙ্গে বসবেন, অবকাঠামো নিয়ে হিসাবপত্র আছে, সেগুলোর একটা প্রক্রিয়া আছে, তার ওপর সিদ্ধান্ত হবে।