সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক চালক ও হেলপারকে গতকাল বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে ঐ নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। পরে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ট্রাকটি জব্দ এবং ঐ নারীকে উদ্ধার করে পুলিশ। এ সময় চালক সোহেল রানাকে আটক করা হয়। তিনি বগুড়া জেলা সদরের আসকুলা গ্রামের মনসুর আলীর ছেলে। হেলপার ওহাব তখন পালিয়ে গেলেও গতকাল ভোরে তাকে আটক করে পুলিশ। ওহাব বগুড়া জেলার শিবগঞ্জ থানার জহুরুল ইসলামের ছেলে। ঐ নারীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।