নেত্রকোনা ও শরীয়তপুরের দুইটি গ্রামকে ‘মত্স্য গ্রাম’ ঘোষণা

মত্স্য অধিদপ্তর নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার হালইসার গ্রামকে ‘মত্স্য গ্রাম’ ঘোষণা করেছে। সোমবার মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ ঘোষণাসংক্রান্ত পত্র জারি করে অধিদপ্তর। এ লক্ষ্যে মত্স্য অধিদপ্তর গ্রাম দুটিতে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে :গ্রামের সব পুকুর ও দিঘিতে বিজ্ঞানসম্মত মাছ চাষ কার্যক্রম বাস্তবায়ন ও পুষ্টির চাহিদা পূরণে ব্যবস্থা গ্রহণ, মাছচাষি ও জেলেদের দল গঠন, প্রশিক্ষণ, প্যাকেজভিত্তিক মাছ চাষ প্রদর্শনী, বিকল্প কর্মসংস্থান ও ঋণসহায়তা, উন্মুক্ত জলাশয় তথা বিল ও প্লাবনভূমিতে সমাজভিত্তিক মত্স্য ব্যবস্থাপনা দল গঠন, বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ, জলাশয় সংস্কার ও মাছের অভয়াশ্রম স্থাপন এবং কমিউনিটি সঞ্চয় দল গঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন।  মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় গ্রামাঞ্চলে অবকাঠামো উন্নয়ন, মত্স্য চাষ, কৃষিনির্ভর শিল্প, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষির বহুমুখীকরণ ও বাজার ব্যবস্থাপনাসহ নানারকম সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।