চিকিত্সা বিজ্ঞানে সাফল্য

দূর নিয়ন্ত্রিত সার্জারি সম্পন্ন ইরানে

ইরানে গতকাল বুধবার প্রথম বারের মতো দূর নিয়ন্ত্রিত সার্জারি করা হয়েছে। এর মাধ্যমে একটি কুকুরকে স্থায়ীভাবে সন্তান উত্পাদনে অক্ষম করা হয়। এই রিমোট বা টেলি সার্জারির কাজে ব্যবহূত হয়েছে ‘সিনা’ রোবট। সাত কিলোমিটার দূরে বসে ৫জি নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে দূর নিয়ন্ত্রিত এই সার্জারি করেন ইরানের একজন অভিজ্ঞ চিকিত্সক। কুকুরটিকে তেহরানের সিনা হাসপাতালের অপারেশন থিয়েটারে রাখা হয়। আর সাত কিলোমিটার দূরে ইমাম খোমেনী (রহ.) হাসপাতালে বসে অপারেশন সম্পন্ন করেন ইরানি চিকিত্সক। এ সময় উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। বিখ্যাত চিকিত্সা বিজ্ঞানী ইবনে সিনার নামে ইরানের টেলি সার্জারি রোবটের নাম রাখা হয়েছে ‘সিনা’। এ রোবট দিয়ে রোগীর সংস্পর্শে না এসেই একজন চিকিত্সক রোগীর দেহে অপারেশন করতে পারেন। —পার্স টুডে