প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মস্কো সম্মেলনে যোগদান

রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে একটি টিম যোগ দিয়েছেন। বিশ্বের ১০৭টি দেশ এবং বৃহত্ ছয়টি আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশগ্রহণ করছে।

রাশিয়া সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিওতে ধারণকৃত ভাষণ সম্মেলনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। প্রধানমন্ত্রী তার ভাষণে চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং সকলের জন্য কোভিড-১৯ ভ্যাক্সিন প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি এক মিলিয়নেরও অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে অতিদ্রুত তাদের নিজ দেশে ফিরে যাবার বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান। —আইএসপিআর