করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশের জন্য ৯৪ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৯৯০ কোটি টাকা। সংস্থাটির বোর্ড সভায় মঙ্গলবার এই ঋণের অনুমোদন হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এডিবি গঠিত ‘এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি, তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯৪ কোটি ডলারের অর্ধেক, অর্থাত্ ৪৭ কোটি ডলার নমনীয় সুদ হারে (২ শতাংশ) বাংলাদেশকে দেওয়া হবে। বাকি ঋণের সুদ হার কত হবে সে বিষয়টি উল্লেখ করা হয়নি।
এডিবি আরো উল্লেখ করেছে, এই ঋণের টাকায় বাংলাদেশ আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে পারবে। ২০২৪ সালের মধ্যে ২ কোটির বেশি মানুষকে টিকার আওতায় আনার অংশ হিসেবে ঐ টিকা দেওয়া যাবে। এই ঋণের অর্থ দিয়ে বাংলাদেশ কোভিড টিকার আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স বা জাতিসংঘের সংস্থা ইউনিসেফের মাধ্যমে অথবা সরাসরি উত্পাদনকারীর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে টিকা কিনতে পারবে।
ঋণ অনুমোদনের বিষয়ে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া উল্লেখ করেছেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে এডিবির ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবেই এই ঋণ দেওয়া হচ্ছে। যাতে করে ভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া যায়, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রে নতুন করে গড়ে তোলা যায়, অর্থনীতিকে আগের মতো প্রবৃদ্ধির ধারায় নিয়ে যাওয়া যায়।