কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনা করোনায় ও দুজন উপসর্গে মারা যান।
হাসপাতালের আবাসিক ডাক্তার তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৭৩।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৫২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ শতাংশ। কুষ্টিয়ায় গত কয়েকদিন করোনায় মৃত্যু সংখ্যা কিছুটা কমে আসলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা আবারও বেড়েছে। পাশাপাশি হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। কুষ্টিয়ায় আক্রান্ত ৬ হাজার ৮০২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২০০ জন। বাকিরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ ও হোম আইসোলেশনে রয়েছেন। হাসপাতালে এখন মোট ভর্তি রোগী সংখ্যা ১৫৪ জন।
এদিকে করোনা সংক্রমণরোধে ২০ জুন মধ্যরাত থেকে কুষ্টিয়ায় লকডাউন শুরু হয়েছে। আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে। সংক্রমণ না কমলে লকডাউন আবারও বাড়তে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বগতিতে রয়েছে। সংক্রমণরোধে লকডাউনের বিকল্প নেই বলে তিনি জানান।
ইত্তেফাক/এএএম