বগুড়ায় পৃথক স্থান থেকে নিখোঁজ দুই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলার শাজাহানপুর ও আদমদীঘি উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কাহালু উপজেলার জামগ্রামের গোলাম রব্বানীর ছেলে সাব্বির আহমেদ (১৪) ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার সেকেন্দার ফকিরের ছেলে শামীম ফকির (২৭)। নিহত দুজনই ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে আর বাসায় ফিরেনি। সাব্বিরের লাশ শাজাহানপুর উপজেলার খরণা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় রাস্তার পাশের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় ও শামীমের লাশ আদমদিঘী উপজেলার নসরতপুর ইউনিয়নের ধনতলা ম্যানকাপাড়া গ্রামের সিদ্দিক হাজীর আবাদী জমি থেকে উদ্ধার করা হয়।
শাহাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানায়, সাব্বিরের বাবা ইজিবাইকচালক। করোনাতে স্কুল বন্ধ থাকায় সাব্বির ইজিবাইক চালিয়ে বাবাকে সহযোগিতা করে আসছিল। মঙ্গলবার সন্ধায় ইজিবাইকসহ সাব্বির নিখোঁজ হয়। এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওইদিন রাতে কাহালু থানায় সাধারন ডায়েরি (জিডি) করে তার পরিবার।
এদিকে আরেকটি পৃথক ঘটনায় আদমদিঘী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজরান রউফ জানায়, বুধবার শামিম তার অটোরিকশা নিয়ে রানীনগর থেকে শ্বশুর বাড়ি আদমদিঘী উপজেলার কুসুমদি যাওয়ার জন্য সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। তিনি আরও জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। আমরা এখনও নিশ্চিত নয় ঠিক কি কারণে শামীমকে হত্যা করা হয়েছে।
উভয় ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইত্তেফাক/এসজেড