দিয়াবাড়ী উত্তরার পঞ্চবটিতে ফুটওভারব্রিজ প্রয়োজন

ঢাকা বোট ক্লাব নিয়ে এখন সারাদেশে আলোচনা চলছে। বোট ক্লাব থেকে একটু উত্তরে গেলেই পঞ্চবটি। পঞ্চবটি থেকে পূর্ব দিকে সামান্য এগুলেই হাতের ডানে চোখে পড়বে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প। দিয়াবাড়ী উত্তরার এই প্রকল্পে ৭৯টি ভবনে ৬৬৩৪টি ফ্ল্যাট নির্মিত হচ্ছে। ইতিমধ্যে ৫৯টি ভবনের নির্মাণ কাজ শেষে সেখানে লোকজন বসবাস শুরু করেছেন। প্রকল্পে যতই লোক উঠছেন, ততই পঞ্চবটি বাসস্টপেজটির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। ত্রিমোহনী এই বাসস্টপেজটিতে আলিফ, মোহনা, শতাব্দীসহ বিভিন্ন পরিবহনের বাস রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। সেখানে গিয়ে বাসে ওঠা বিপজ্জনক। কেননা পেছন, পাশ ও সামনে থেকে গাড়িঘোড়ার চলাচল অব্যাহত থাকে। একটু অমনোযোগী হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বাসগুলি একটু সামনে এগিয়ে অস্থায়ী দোকানগুলির সামনে থামতে পারে। রাস্তা পারাপারে ঝুঁকি এড়াতে এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা আবশ্যক। একই সঙ্গে পঞ্চবটির আশপাশে যেসব বালুমহাল আছে, তা অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। ইদানীং লক্ষ করা যাচ্ছে পঞ্চবটির এক পাশে পাথর ভাঙা হচ্ছে। এই পাথর ভাঙার কারণে এখানকার পরিবেশ দূষিত হচ্ছে মারাত্মকভাবে। এ ব্যাপারে স্থানীয় এমপি মহোদয়, রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নার্গিস ইসলাম

কুশিয়ারা ভবন, ব্লক-এ, সেক্টর-১৮

উত্তরা, ঢাকা-১২৩০