যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং গাঁজা জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। এ সময় ২০ হাজার ইয়াবাসহ দুই জন ও ৫০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। বুধবার সন্ধ্যায় এ সব মাদক জব্দ করা হয়।
উপ-পুলিশ কমিশনার জানান, যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নম্বর প্লেটবিহীন একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক ও মালিককে আটক করা হয়। এরা হলেন, জনি খান ও হূদয় শিকদার। তাদের বাড়ি গাজীপুর জেলায়।
মশিউর রহমান বলেন, কয়েক দিন আগে ৫ লাখ টাকা জমা দিয়ে একটি প্রতিষ্ঠান থেকে গাড়িটি কেনা হয়। এরপরই তারা গাড়িটি নিয়ে টেকনাফের উখিয়া থেকে মাদকের চালান নিয়ে আসেন। তাদের গন্তব্য ছিল গাজীপুরে। এ ছাড়া খিলক্ষেতের শেওড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি জ্বালানি পরিবহন সংস্থা পেট্রোলিয়াম পদ্মার একটি গাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করে র্যাব। এরা হলেন, পটুয়াখালীর রিগান খান ও খোকন মৃধা এবং নারায়ণগঞ্জের জাকির হোসেন। অভিযানে দেখা যায়, গাড়ির তেলের ট্যাংকে তেলের পরিবর্তে গাঁজা ভর্তি করে নিয়ে আসা হয়েছে।
গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অপরিশোধিত ফার্নিস অয়েল আনার নাম করে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দিতেন।