স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার চাচুড়ী ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঐ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাতেবার মোল্যা গ্রুপ ও নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এর জেরে বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। কালিয়া থানার ওসি (অপারেশান) মো. আমানউল্লাহ বারী বলেছেন, সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।