মান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুই জনের মৃত্যু

মান্দায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন মিনিট্রাকের চালক রাজশাহীর মোহনপুর উপজেলার মাসুদ রানা (২৮) ও তার সহযোগী নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার রাসেল (২০)। নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা মোড়ের অদুরে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মিনিট্রাকের হেলপার রাসেলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনাকবলিত বাস ও মিনিট্রাক হেফাজতে নেওয়া হয়েছে।

পুঠিয়ায় ট্রাকচাপায় এক জনের মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার তাহেরপুর সড়কের মোড়ে মিনিট্রাকের চাপায় আব্দুস সামাদ (৪৮) নামে এক চার্জার ভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুঠিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ লুত্ফর রহমান জানান, আব্দুস সামাদ চার্জার ভ্যানযোগে ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন। তাহেরপুর সড়কের মোড়ে পৌঁছলে ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়েছেন।