চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁদপুর সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে শ্রমিক-জনতা ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক হাজি মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীর উদ্যোগে চালকেরা মানববন্ধন করেন। শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী ও সাধারণ সম্পাদক শাহ আলমের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত চাঁদপুর সেতুতে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন মিনিট্রাক ও বাসের চালকেরা। চাঁদপুরের ডাকাতিয়া নদীর ওপর একই মাপের তিনটি সেতুর মধ্যে দুটির টোল আদায় বন্ধ হয়েছে। শুধু বন্ধ হয়নি ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চাঁদপুর অংশে টোল আদায়। ফলে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে যানবাহনের অতিরিক্ত টোলের বোঝা টানতে হচ্ছে।