বেঁচে আছি

এখনও হয়নি  জানা

কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয় দুর্বিপাকে,

সময়ের চোখ রাঙানির বিপরীতে কীভাবে

হাসতে হাসতে উঠে পড়তে হয় কোষা নৌকায়

নিঃসঙ্গতা আর নীরবতার পথনির্দেশ আছে

ওই রুয়াঙছড়ির ঘন সবুজ বাঁকে

ওসব জায়গায় জীবনসংগ্রামের দুঃখ

পাথরে জমাট বেঁধে থাকে!

আজও জানা হয়নি কী আছে আলোছায়াময়

ঝিরিদের অন্তরাত্মায়!

গাছপালার ভাষা আয়ত্ত করা হয়নি

এখনও তাই পৃথিবীতে বেঁচে আছি!