তুমি ম্রিয়মান হয়ে থাকো
বাইরে তখন টুপটাপ বৃষ্টি,
তোমার ভেতরে নীল নীল আগুন
বাইরে পদ্মা-মেঘনায় রাশি রাশি জলের প্রবাহ।
সূর্যালোকের সাঁতারে জেগে ওঠে পৃথিবী
তুমিই অস্পন্দিত আঁধারে দুয়ার আঁটা ঘরে।
খোঁপা খুলে মাধবীলতার মতো ছড়িয়ে দাও চুল
পাখি কলরব ভোর বগলদাবা করে নিয়ে আসুক
নরম রোদের চুম্বন আর—
তোমার শরীর থেকে বেরিয়ে আসুক চুরাশি হাজার হরিণ
কস্তরী ঘ্রাণে ভরা চঞ্চল বন
তুমি হও দুরন্ত নাভিতে মশগুল।