র্যাংকিংয়ে শক্তিশালী দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চান জেমি

সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হবে। তবে ফিফা উইনডো থাকায় এখন সাফের খেলাটা কবে তা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। ৩০ আগস্ট হতে ৭ সেপ্টম্বর ফিফার উইনডো। এই সময় মুজিববর্ষ সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা।

ফিফার উইনডো সঠিক ব্যবহার করতে সাফ একটু পিছিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। বাফুফে জানিয়েছে কোচ জেমি ডে ছুটি কাটিয়ে দেশে ফিরলে জাতীয় দলের অনুশীলনের বিষয়ে কাজ শুরু করবেন। তার আগে ফিফার উইনডোতে ম্যাচ নেওয়ার কথা জানিয়ে গেছেন। এও বলেছেন, ১৫০ র্যাংকিংয়ের আশপাশের দেশগুলোর বিপক্ষে যেন ম্যাচ নেওয়া হয়। শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলতে চাওয়ার কারণ হচ্ছে এশিয়ান কাপের বাছাই। এশিয়ান কাপের বাছাইয়ে ৬ ম্যাচ খেলতে হবে। সেখানে ভালো করার লক্ষ্য নিয়ে শক্তিশালী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চায়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হবে ৬ আগস্ট। মাঠ সংস্কার, গ্যালারি সংস্কার, চেয়ার স্থাপন, ট্র্যাক স্থাপনসহ নানা কাজ চলবে। সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় হবে তা নিয়ে একটা দুশ্চিন্তা আছে। বিকল্প ব্যবস্থাও খোঁজা হবে। আর এই কাজটি বাফুফে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বসে নির্ধারণ করতে চায়।