টেস্টে বিশ্বসেরা নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নরা কখনো হাল ছাড়ে না, নিউজিল্যান্ডের সঙ্গে যা খুব মানিয়ে যায়। পরপর দুটি বিশ্বকাপে ট্রফির দুয়ার থেকে ফিরে এসেছিল নিউজিল্যান্ড। ২০১৫, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে হতাশায় পোড়া দলটিই এবার ট্রফির আনন্দে ভেসেছে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন এখন ব্ল্যাক ক্যাপসরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। সাউদাম্পটনে বুধবার রাতে ফাইনালে ভারতকে ৮ উইকেটে পরাজিত করেছে কেন উইলিয়ামসনের দল।

যদিও এক ম্যাচেই চ্যাম্পিয়ন নির্ধারণের পক্ষে নন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফাইনালে তিন ম্যাচের টেস্ট সিরিজ চান তিনি। সাউদাম্পটনে পুরস্কার বিতরণীতে কোহলি বলেছেন, ‘এক ম্যাচ দিয়েই বিশ্বের সেরা টেস্ট দল বাছাইয়ের প্রক্রিয়ায় আমি একদমই একমত নই। টেস্ট সিরিজ যদি হয়, তিন ম্যাচ জুড়ে দলের চরিত্র ফুটে ওঠে, কোন দলের সামর্থ্য আছে সিরিজে ফিরে আসার বা প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার।’ তিনি আরো বলেন, ‘শুধু দুটি দিনের চাপের পর হুট করে কোনো দল আর ভালো টেস্ট দল নয়, এটা হতেই পারে না। আমি এটা বিশ্বাসই করি না।’

বৃষ্টিবিঘ্নিত ফাইনাল রিজার্ভ ডে তথা ষষ্ঠ দিনে গড়িয়েছিল। ভারতের ২১৭ রানের বিপরীতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৪৯ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ভারত ১৭০ রান করে। জয়ের জন্য ১৩৯ রানের টার্গেট পায় নিউজিল্যান্ড, হাতে ছিল ৫৩ ওভার। ২ উইকেটে ১৪০ রান তুলে সাদা পোশাকে বিশ্বসেরার মুকুট জেতে উইলিয়ামসনের দল। রস টেলর অপরাজিত ৪৭, উইলিয়ামসন অপরাজিত ৫২ রান করেন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন কাইল জেমিসন। ম্যাচ জেতার পর নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন বলেছেন, ‘এই ফাইনালের (এক ম্যাচের) রোমাঞ্চকর দিক হলো, যে কোনো কিছুই হতে পারে। আমরা ভালো করেই জানি ক্রিকেট কতটা অস্থির হতে পারে। বিশ্বকাপসহ অন্যান্য অনেক জায়গায় আমরা সেসবের নমুনা দেখেছি। একটি ম্যাচই হলে তা অনন্য এক নাটকীয়তা তৈরি করে, যা খুবই উত্তেজনাময়। যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে।’