ভারতের টিকা আগস্টেও পাচ্ছে না বাংলাদেশ

আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে করোনার টিকা পাঠাতে পারছে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, এখনো ভারতের অভ্যন্তরে টিকাকরণ কর্মসূচিতেই জোর দিচ্ছে সরকার। বিদেশে টিকা রপ্তানিতে নয়।

আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে টিকা রপ্তানি শুরু হতে পারে—এমন খবরের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারতের টিকা রপ্তানি নীতি সব সময় স্পষ্ট ও ধারাবাহিক। বিদেশে আমরা টিকা পাঠাতে পারব কি না, তা দুটো বিষয়ের ওপর নির্ভর করবে। এক, কত পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে আর দুই, দেশের ভেতরে টিকাকরণ কর্মসূচির জন্য কত টিকা লাগছে। তিনি বলেন, ভারতে ২১ জুন থেকে নতুন উদ্যমে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এবং সেখানে যত বেশি সম্ভব ‘মেইড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি ভ্যাকসিনের জোগান নিশ্চিত করাটাই আমাদের অগ্রাধিকার।