মার্কিন কংগ্রেসওম্যান শিলা জ্যাকসন লি (ডেমোক্র্যাট-টেক্সাস) বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দাবি করে বলেছেন, দুই দেশ তাদের সম্পর্কের সেরা সময়ে রয়েছে। সম্প্রতি হিউস্টনে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে তিনি বাণিজ্য, কোভিড-১৯ সহযোগিতা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
কংগ্রেস সদস্য লি বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এবং এই মানবিক সংকট সমাধানে মার্কিন কংগ্রেসে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দেন এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই ভ্যাকসিনের প্রাপ্য অংশ পাবে। তিনি মার্কিন কংগ্রেস ও সরকারের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশসংক্রান্ত কংগ্রেসীয় ককাসকে পুনরুজ্জীবিত করতে সহায়তা প্রদানের ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করেন।
এদিকে সোমবার বাংলাদেশের রাষ্ট্রদূত হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা এবং চিকিত্সা ক্ষেত্রে সহযোগিতা আরো অগ্রসর করার বিষয়ে মেয়রের সঙ্গে আলোচনা করেন। তারা হিউস্টন এবং চট্টগ্রামের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক স্থাপনের বিষয়েও আলোচনা করেন।