বাড়ি ফিরতে গিয়ে প্রাণ হারালেন রাজমিন্ত্রী হৃদয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজি চালিত অটোরিকশা চাপায় সাইকেল আরোহী হৃদয় হোসেন (১৮) নিহত হয়েছেন। হৃদয় পেশায় একজন রাজ মিন্ত্রী। তার বাবা মো. সুলতান মিয়া। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী সিকদারপাড়া গ্রামে বলে জানা গেছে।

আজ রবিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর রোডের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহত হৃদয়ের পরিবার জানায়,  হোসেন মার্কেট থেকে রাজ মিন্ত্রীর কাজ শেষে বিকেলে গোড়াই-সখীপুর রোড দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন হৃদয়। এ সময় গোড়াই থেকে সখীপুরগামী (বিপরীত দিক থেকে আসা) একটি সিএনজি চালিত অটোরিকশা হৃদয়ের সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অটোরিকশার চালক ঘটনার পরপরই সিএনজি ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন অটোরিকশাটি জব্দ করে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: সংরক্ষিত মহিলা আসনে ভোট ৪ মার্চ

বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘ঘটনার পর ঘাতক সিএনজি চালিত অটোরিকশা চালক পালিয়ে গেছেন। অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

ইত্তেফাক/কেকে