করোনার মধ্যেই স্বাভাবিক জীবনের ছক সিঙ্গাপুরে

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই কীভাবে জীবনযাত্রা আরেকটু স্বাভাবিক করা যায় তার ছক তৈরি করছে সিঙ্গাপুর। ধনী নগর রাষ্ট্রটিতে যেহেতু টিকাদানের হার বাড়ছে, তাই এই ভাইরাসটি এক সময়ে ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামকে রূপ নেবে এমনটাই জানিয়েছেন সেদেশের ভাইরাস মোকাবিলা টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকা মন্ত্রীরা। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৭ লাখ জনগোষ্ঠীর অর্ধেক ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। দেশটির  স্ট্রেইটস টাইমস সংবাদপত্রে টাস্ক ফোর্সের তিন মন্ত্রী গান কিম ইয়াং, লরেন্স ওং এবং ইয়ে কুং বলেছেন, মহামারি শুরুর পর ১৮ মাস পেরিয়েছে, এ সময়ে জনগণ লড়াই করে ক্লান্ত। সবাই জানতে চাচ্ছে, কখন এবং কীভাবে এই মহামারি শেষ হবে? বাণিজ্য, অর্থ ও স্বাস্থ্যবিষয়ক মন্ত্রীরা আশা করছেন, ৯ আগস্ট সিঙ্গাপুরের জাতীয় দিবসের আগেই দেশের দুই-তৃতীয়াংশ জনগণকে পুরোপুরি দুই ডোজ টিকা দেওয়া হয়ে যাবে। টিকার সরবরাহ এগিয়ে আনা এবং টিকাদান প্রক্রিয়ার গতি বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রীরা। টিকাদানের মাইল ফলক অর্জন করার পর দৈনিক সংক্রমণের সংখ্যা পর্যবেক্ষণ না করে কর্তৃপক্ষ টিকাদানের ফলাফল, অর্থাত্ কতজন বেশি অসুস্থ হয়েছে, এসব বিষয়ে মনোযোগ দেবে। যারা সংক্রমিত হবে তাদের বাড়িতে সুস্থ হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে, যাতে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি না হয়। -রয়টার্স