ক্ষমতায় থাকলে দলকে বেশি দায়িত্ববান হতে হয় : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার অবিচল দৃঢ়চেতা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়নের কারণে পরপর তিনবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। ক্ষমতায় থাকলে দায়িত্ববান হতে হয়, আওয়ামী লীগকেও অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি দায়িত্ববানই থাকতে হবে।’ সতর্কবাণী উচ্চারণ করে তিনি  বলেন, দলকে আরো শক্তিশালী করার সময় লক্ষ্য রাখতে হবে, একটি শক্তিশালী ঘরের একটি খুঁটিতে পোকা লাগলে ঘর নড়বড়ে হয়ে যায়; সুতরাং আমাদের দলের মধ্যেও এমন কাউকে নেওয়া যাবে না যারা ছারপোকার মতো দল কেটে ফেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মঈন উদ্দিন, স্বজন কুমার তালুকদার প্রমুখ।

অব্যাহতভাবে জনগণের রায় পেতে হলে ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, বিনয়ের কোনো বিকল্প নাই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সমস্ত উন্নয়ন অর্জন ধূলিসাত্ হয়ে যায়, যদি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা উদ্ধত আচরণ করে।