সোহ্রাওয়ার্দী উদ্যান

গাছ না কেটে প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর

গাছ না কেটে সোহ্?রাওয়ার্দী উদ্যানে প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, চলমান স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট থাকবে সরকার। রাজধানীর গণপূর্ত মিলনায়তনে সোহ্?রাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম অবহিতকরণ ও উদ্যানকে সবুজায়নের বিষয়ে উদ্ভিদবিদ, পরিবেশবিদ, স্থপতি, প্রকৌশলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গতকাল বৃহস্পতিবার সেমিনার কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়ার সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আক্তার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি আসিফ আহমেদ ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দীন এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, মিডিয়া ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল  প্রমুখ মতামত ব্যক্ত করেন।

সেমিনারে বিভিন্ন সুপারিশের আলোকে মন্ত্রী বলেন, সোহ্রাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের ‘ঢাকাস্থ সোহ্রাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ (৩য় পর্যায়)’ শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্পটি রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ একটি কর্তৃপক্ষ তৈরি করা হবে। আমাদের লক্ষ্য প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ এ প্রকল্প দেখতে আসবেন।