গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুরের পল্লি অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প একনেকের গত সভায় অনুমোদন প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য এবং বিভিন্ন অঞ্চলে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের নিমিত্তে জমি অধিগ্রহণ প্রকল্পে ৭৮২ কোটি ২৫ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
আর গাজীপুর জেলা পল্লি অবকাঠামো উন্নয়ন শীর্ষক এই প্রকল্পে ৬৮৫ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এটি বাস্তবায়নের কাজ করবে। প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে জেলার ২৮৬ দশমিক ৮৬ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা হবে।
গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটির উন্নয়ন একেবারে শূন্য হতে শুরু করা হয়েছে। একটি পল্লি অঞ্চলকে আধুনিক নগরে পরিণত করতে অর্থ ও শ্রম সবচেয়ে বেশি প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে একটি পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য অর্থ দিয়ে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মতো নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছি।
গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক, পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এসব প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে নগরীর যানজট নিরসনে অনেক সহায়ক হবে এবং কঠিন বর্জ্যসমূহ একটি নির্দিষ্ট স্থানে ফেলে নগরকে পরিচ্ছন্ন করে তোলা যাবে।
সূত্র জানায়, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের জন্য গাজীপুর জেলা প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এ জেলার বিভিন্ন দিকের মূল সড়ক এবং সংযোগ সড়ক বাস্তবায়ন করা অপরিহার্য। জেলাটি শিল্প খাতেও দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। সারা দেশের রাজস্ব আয়ের একটি বিরাট অংশ আসে এ জেলার শিল্পাঞ্চল এবং পর্যটন এলাকা থেকে। পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে শিল্পজাত পণ্যের বাজারজাতকরণের সুবিধা এবং গ্রামীণ জনগণের বাণিজ্যিক সুবিধা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।