নারায়ণগঞ্জের বন্দরের কামতাল এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্যাংক লরির ধাক্কায় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিক নিহত হওয়ার গুজবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধের কারণে দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী ও পণ্যবাহী কয়েক হাজার গাড়ি আটকা পড়ে।
আহত শ্রমিকের মধ্যে শফিকুল ও জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিকুলকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। সাইফুল নামে এক শ্রমিককে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা বন্দরের কামতাল এলাকার টোটাল ফ্যাশন গার্মেন্টের শ্রমিক বলে জানা গেছে।
ঘটনার পরপরই বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, শিল্প ও বন্দর থানা পুলিশ ঘটনা স্থলে ছুটে যান। তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে শ্রমিকদের অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা আহতদের ক্ষতিপুরণ ও গার্মেন্টের পূর্ব দিকে একটি গেইট খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় থাকেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।
অ্যাম্বুলেন্স চালক কবির হোসেন জানান, তিনি চাঁদপুর থেকে রোগী নিয়ে ঢাকার একটি হাসপাতালে আসছিলেন। রোগীর অবস্থা খুব খারাপ। কিন্তু রাস্তা অবরোধের কারণে হাসপাতালে আসতে দেরি হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে লাঙ্গলবন্দ থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন পাঁচ শ্রমিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল এলাকায় প্লানা পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামের দিক থেকে আসা একটি ট্যাংক লরি অটোরিকশাটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আহত হন অটোরিকশায় থাকা পাঁচ শ্রমিক। টোটাল গার্মেন্টসের পূর্ব দিকের গেট খুলে দিলে শ্রমিকরা বিকাল ৬টায় অবরোধ তুলে নিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিত হয়।
এ ব্যাপারে টোটাল ফ্যাশনের ম্যানেজার কবির হোসেন ফোনে বলেন, শ্রমিকরা আমাদের কর্মস্থলে আহত না হলেও আমরা তাদের চিকিত্সা করাচ্ছি ও হাসপতালে নিয়ে গেছি। এ ঘটনায় আমরা অর্ধদিবস সাধারণ ছুটি ঘোষণা করেছি। আগামী শনিবার গার্মেন্টস খোলা থাকবে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের এসপি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।