নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদনের রায় স্থগিত

নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর জন্য মমতা ব্যানার্জির আবেদনের রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার জনপ্রতিনিধিত্ব আইন মেনে শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আবেদনকারী নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা। তবে বিচারপতি বদলের শুনানির কারণে মূল মামলা অর্থাত্ নন্দীগ্রাম কেন্দ্রের নির্বাচনের ফল বাতিলের আবেদনের শুনানি হয়নি।

এই কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী ১ হাজার ৯৫৬ ভোটে জয়ী হন। ফল ঘোষণার একপর্যায়ে মমতা ব্যানার্জিকে ১ হাজার ২০০ ভোটে জয়ী করা হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণায় কারচুপি হয়েছে এই অভিযোগে মমতার এই মামলা। পাশাপাশি বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতা ও বিচার প্রক্রিয়ায় অনাস্থা জানিয়ে আবেদন করেন মমতা।