ঢাবির মূল বাজেট কমলেও গবেষণায় বরাদ্দ বেড়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরে গত বছরের তুলনায় বাজেট কমেছে ৩৮ কোটি টাকা। তবে এ অর্থবছরে গত বছরের তুলনায় গবেষণায় বরাদ্দ বেড়েছে। গত বছর গবেষণা মঞ্জুরি খাতে ৯ কোটি টাকা বরাদ্দ থাকলেও এ বছর এ খাতে বাজেট দেওয়া হয়েছে ১১ কোটি টাকা। এ বছর ৮৩১ কোটি ৬৯ লাখ টাকার বাজেট পাশ করা হয়। যা গতবছর ছিল ৮৬৯ কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সিনেট অধিবেশনে এ বাজেট পাশ করা হয়। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করেন। 

২০২০-২১ অর্থবছরের সংশোধিত ও ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের নতুন নতুন খাত খুঁজে বের করতে হবে অথবা সরকার থেকে বিশেষ অনুদান চাওয়া যেতে পারে।

সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অপ্রয়োজনীয়ভাবে কোনো ধরনের কোনো স্থাপনা নির্মাণ যাতে করা না হয়। মাস্টারপ্ল্যান ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম ঘটবে না।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, গবেষণার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল বলেন, করোনার একেবারে প্রথমদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিকট টেস্ট কিট উদ্ভাবনের জন্য ৪৫ লাখ টাকার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর কোনো ধরনের সাড়া দেয়নি।