দ্বিতীয় দফা বিস্ফোরণের ১৬ বছর পূর্ণ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতক টেংরাটিলা গ্যাসক্ষেত্র দ্বিতীয় দফা বিস্ফোরণের ১৬ বছর পূর্ণ হয়েছে। ২০০৫ সালের ২৪ জুন ছাতক গ্যাসক্ষেত্র টেংরাটিলায় দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে প্রথম দফা অগ্নিকাণ্ড ঘটে একই বছরের ৭ জানুয়ারি। তবে দুর্ঘটনার ১৬ বছরেও বন্ধ হয়নি টেংরাটিলার গ্যাস ফিল্ডের গ্যাস উদিগরণ।
২০০৫ সালের ৭ জানুয়ারি প্রথম দফা অগ্নিকাণ্ডের পর চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে বের হতে থাকে গ্যাসের প্রবাহ। বাড়তে থাকে গ্যাসের চাপ। গ্যাসের এই প্রবাহ ও চাপ কমানোর উদ্দেশ্যে প্রথম বিস্ফোরণের স্থান থেকে ১০০ মিটার পশ্চিমে দ্বিতীয়বারের মতো রিলিফ কূপ খননের কাজ শুরু করে কানাডিয়ান গ্যাস কোম্পানি। ১ জুন রাত থেকে খননের কাজ শুরু করা হয়। এ সময় রিলিফ কূপের চারপাশে সাতটি আউটলেট বসানো হয়। খননকাজ চলাকালেই ২৪ জুন রাতে রিলিফ কূপে দ্বিতীয় দফা অগ্নিবিস্ফোরণ ঘটে। গ্যাসের চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুর্ঘটনার ১৬ বছরেও বন্ধ হয়নি টেংরাটিলার গ্যাস ফিল্ডের গ্যাস উদিগরণ। দুই দফা অগ্নিকাণ্ডে পরিবেশ ও জনমানুষের যে ক্ষতি হয়েছিল তা এখনো কাটিয়ে উঠতে পারেননি স্থানীয়রা। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক বলেন, গ্যাসফিল্ড ট্র্যাজেডির সেই ভয়াবহ স্মৃতি এখনো আমাদের তাড়া করে বেড়ায়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, ট্যাংরাটিলা গ্যাসক্ষেত্রের আশপাশের এলাকায় এখনো গ্যাস উদিগরণ হচ্ছে। কিছু কিছু এলাকায় খুব মারাত্মকভাবে উদিগরণ হচ্ছে। তবে গ্যাস ক্ষেত্রের ব্যাপারে নতুন কোনো নির্দেশনা নেই। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের তিন জন অধ্যাপক ও আট জন শিক্ষার্থীর একটি টিম টেংরাটিলা গ্যাসক্ষেত্র সরেজমিনে পরিদর্শন করেছেন।