সখীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে যুবকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামের শহিদুল ইসলামের পোলট্রি খামারের শেয়াল মারার ফাঁদে পড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, পোলট্রি খামারের মালিক যে বেড়ায় বিদ্যুত্ সংযোগ দিয়ে রাখে এটা আমাদের জানা ছিল না। এছাড়া মৃত ঐ যুবকের পরিচয়ও জানা যায়নি। ধারণা করা হচ্ছে সে ঐ ফার্মে চুরি করতে এসেছিল। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভুঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অজ্ঞাত ঐ যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতা নেওয়া হচ্ছে।