চাটমোহরে প্রতারণার অভিযোগে বিকাশের এজেন্ট গ্রেফতার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে অ্যাকাউন্ট খুলে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে রানা  হোসেন। সে পৌর সদরের মধ্যশালিখা মহল্লার মো. দেলোয়ার হোসেনের  ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট রানা চাটমোহর পৌর সদরের নতুন বাজার জারদিস মোড়ে তার দোকানে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়ে গোপনে তার পিন নাম্বার নিজের কাছে রেখে দিতেন। পরে ঐ গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার পর ঐ পিন ব্যবহার করে অন্য একটি নাম্বারে সেন্ড করে টাকা বের করে নিতেন। সম্প্রতি এমনই একটি অভিযোগ চাটমোহর থানাপুলিশের কাছে এলে বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। গত ২১ জুন সকালে মধ্যশালিখা মহল্লার রেবা খাতুনের বিকাশ নাম্বারে তার মেয়ের জামাই ৭ হাজার টাকা পাঠান। একই তারিখে বেলা ১১টার দিকে রেবা খাতুনের বিকাশ নাম্বার থেকে ঐ টাকা ক্যাশআউট হয়ে যায়। তখন রেবা খাতুন বিকাশ এজেন্ড রানার কাছে গিয়ে বিষয়টি জানালে তাকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়। অভিযোগ পেয়ে পুলিশ বিকাশ এজেন্ট রানার ব্যবহূত মোবাইল নাম্বারের তথ্য সংগ্রহ করে অভিযোগের সত্যতা পায়।

থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়ায় ও ভুক্তভোগী রেবা খাতুন থানায় অভিযোগ করলে বিকাশ এজেন্ট রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।