ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘করোনায় আক্রান্ত সবার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। করোনায় আক্রান্তরা এমনিতেই আতঙ্কিত হয়ে পড়ে। তাদের সাহস দিয়ে সবাইকে সচেতন হয়ে জীবন যাপন করতে হবে। করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সমাজের বিত্তশালীদের করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।’ গতকাল শুক্রবার সকালে আজিমনগর ইউনিয়নে এমপি নিক্সন চৌধুরী নিজ বাসভবনে করোনায় আক্রান্তদের ফোন করে খোঁজখবর নেন। এ সময় প্রত্যেক করোনা রোগীর জন্য জরুরি ওষুধ, বিভিন্ন ফলমূল, হরলিক্সসহ পুষ্টিকর খাবার ঘরে ঘরে পৌঁছে দেয় নিক্সন চৌধুরীর স্বেচ্ছাসেবক টিম। সকালে এমপি নিক্সন চৌধুরী তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যক্রম পরিদর্শন করেন।