সাতকানিয়ায় শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ জেলহাজতে

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত শাশুড়ি রোকেয়া বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। রোকেয়া বেগম উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মৈশামুড়া মুন্দার পাড়ার ইলিয়াছ চৌধুরীর স্ত্রী। ঘটনার পর গত সোমবার পুত্রবধূ নাছমিন আক্তার (২৩) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠান। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কলহের জেরে শাশুড়ি রোকেয়া বেগমকে ছুরি দিয়ে পেট ও হাতে এলোপাতাড়ি আঘাত করে নাছমিন আক্তার। পরে রোকেয়াকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। ঐ হাসপাতালে তিন দিন চিকিত্সাধীন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় শাশুড়ি মারা যান।  সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পুত্রবধূকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরদিন মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।