পুলিশ পরিচয়ে কিশোরীকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয়ে এক কিশোরীকে অপহরণ করে যৌন নিপীড়নের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন : উপজেলার আজিজ ফাজিলপুর এলাকার মো. ইমামুল হক মিরাজ (২০), জনি চন্দ্র দে (২১) ও উত্তর করিমপুর এলাকার মিরাজ মাহমুদ নীরব (২০)। জানা গেছে, গত বুধবার উপজেলার সস্তাবাজার মার্কেটের সামনে থেকে পুলিশ পরিচয় দিয়ে বড় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে যায় কিছু বখাটে। পরে কিশোরীকে আটকে রেখে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতামা দুই জনকে আসামি করে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব জানান, অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।