শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। নিহত ঐ গৃহবধূর নাম মোছা. আদুরী খাতুন (৩০)। খবর পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা জানায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের আবু হানিফের সঙ্গে একই গ্রামের আবু তাহেরের মেয়ে আদুরী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত ৮টার দিকে বসতবাড়ির নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে আদুরীর গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার পর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ বগুড়ায় শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।