সাভারে খাল ভরাটে ১০ গ্রামে জলাবদ্ধতা

সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

সাভারে সরকারি বামনি খাল দখল করে হাউজিং কোম্পানি নির্মাণের প্রতিবাদে ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েকশ মানুষ অংশ নিয়ে বামনি খালে মাটি ভরাট বন্ধ ও খাল উদ্ধারের দাবি জানান। ‘খাল দাও, নতুবা বিষ দাও, অবৈধ দখলদারদের উচ্ছেদ করুন’ লেখাসহ নানা ধরনের প্ল্যাকার্ড হাতে অংশ নিয়ে এলাকাবাসী দ্রুত খালটি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। সমাজসেবক প্রবাসী সরকার তাসেকের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন পরিবেশবাদী সংগঠনের নেতা ড. রফিকুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ আবু সাইদ, মো. সামছুল হক, মো. সালাহ উদ্দিন খান নঈমসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী বলেন, ভূমি জরিপকারিগণ সম্পূর্ণ অন্যায়ভাবে সরকারি খাল ব্যক্তি মালিকানায় দিয়েছে। হেমায়েতপুর, যাদুরচর, চান্দুলিয়া, বলিয়ারপুরসহ বিভিন্ন গ্রামের ওপর দিয়ে প্রবাহিত ঐহিত্যবাহী বামনি খালটি মাটি ফেলে ভরাট ও ভূমি জরিপকারীদের সহায়তায় জালিয়াতির মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন জমির খতিয়ানে নথিভুক্ত করা হয়েছে। তারা বলেন, শত বছরের পুরোনো এ খাল যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। খাল ভরাটের কারণে সামান্য বৃষ্টিতে পানি জমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। চান্দুলিয়া মৌজায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপর নির্মিত সেতুর নিচে মাটি ফেলে খালের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে জমজম রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা সরকারের কাছে অনতিবিলম্বে খালটি উদ্ধারের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে সরকার তাসেক বলেন, দীর্ঘদিন ধরেই প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে সরকারি বামনি খাল ভরাট করে জমজম নূর বিল্ডার্স নামে হাউজিং কোম্পানি নির্মাণ করে চলছে। এই খালটি ভরাটের কারণে হেমায়েতপুর, জয়নাবাড়ি, যাদুরচর, মধুরচরসহ প্রায় ১০টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা অনতি বিলম্বে সরকারের কাছে খালটি দখলমু্ক্ত করার দাবি জানাই। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বামনি খাল দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দেশনা পেলেই যে কোনো সময় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।